![]() |
ছবি :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পাঠ্যপুস্তক |
লেখক :- শঙ্খ ঘোষ
লেখকের পরিচিত :-
(৫ ফেব্রুয়ারি ১৯৩২ - ২১ এপ্রিল ২০২১) ছিলেন ভারতের একজন শক্তিমান বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ হিসাবে প্রসিদ্ধ ছিলেন। লেখকের সম্বন্ধে আরো পড়ুন
আমাদের ডান পাশে ধ্বংস
আমাদের বাঁয়ে গিরিখাদ
আমাদের মাথায় বােমারু
পায়ে পায়ে হিমানীর বাঁধ
আমাদের পথ নেই কোনাে
আমাদের ঘর গেছে উড়ে
আমাদের শিশুদের শব
ছড়ানাে রয়েছে কাছে দূরে !
আমরাও তবে এইভাবে
এ - মুহূর্তে মরে যাব না কি ?
আমাদের পথ নেই আর
আয় আরাে বেঁধে বেঁধে থাকি ।
আমাদের ইতিহাস নেই
অথবা এমনই ইতিহাস
আমাদের চোখমুখ ঢাকা
আমরা ভিখারি বারােমাস
পৃথিবী হয়তাে বেঁচে আছে
পৃথিবী হয়তাে গেছে মরে
আমাদের কথা কে - বা জানে
আমরা ফিরেছি দোরে দোরে ।
কিছুই কোথাও যদি নেই
তবু তাে কজন আছি বাকি
আয় আরাে হাতে হাত রেখে
আয় আরাে বেঁধে বেঁধে থাকি ।
(সমাপ্ত)
কবিতাটি কেমন লাগল জানাবেন ।
